
আবু কাওসার মাখন, রাজশাহী : পবা ভূমি অফিসে বোমা হামলার ঘটনা ঘটেছে রাজশাহীতে। রোববার (২৯ নভেম্বর) মধ্যরাতে উপজেলা ভূমি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপের পাশাপাশি খড়খড়ি বিদ্যুৎ কেন্দ্রেও হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। ভূমি অফিসে নিক্ষেপ করা তিনটি পেট্রোল বোমার মধ্যে একটি বিস্ফোরিত হলেও বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, রোববার রাত ১টার দিকে পবা উপজেলার ভূগরোইল মোড় এলাকায় অবস্থিত উপজেলা ভূমি অফিসে এ পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে। এদিকে, সিসিটিভি ভিডিও ফুটেজে দেখা যায়, মধ্যরাতে পবা উপজেলার খড়খড়ি বিদ্যুৎ কেন্দ্রেও বোমা হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চালায় হামলাকারীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, দুর্বৃত্তরা ভূমি অফিস লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং অন্য দুটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, পবা ভূমি অফিসে বোমা হামলার পাশাপাশি এর আগে পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্রসহ বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব মহলকে নিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ভূমি অফিসে জনগণের গুরুত্বপূর্ণ দলিল ও রেকর্ড সংরক্ষিত থাকে। এ ধরনের হামলা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। বিধ্বংসী কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হচ্ছে বলে মনে হচ্ছে।
জেলা প্রশাসক জানান, হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।#