
শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় পরকীয়া সম্পর্কে জড়িয়ে একসঙ্গে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন শাকিল ও নুরুন্নাহার নামে এক প্রেমিক যুগল। বর্তমানে তারা দুইজনই কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে কুষ্টিয়া শহরের ঐতিহ্যবাহী রেইনউইক পার্কে এ ঘটনা ঘটে।
পুলিশ, স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শাকিল ও নুরুন্নাহার দুইজনের বাড়িই কুষ্টিয়ার মিরপুর উপজেলায়। তারা দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমে জড়িত ছিলেন। বৃহস্পতিবার সকালে তারা দুজন একসঙ্গে রেইনউইক পার্কে ঘুরতে আসেন। কিছুক্ষণ পর পার্কের ভেতরে নির্জন স্থানে বসে তারা একসঙ্গে বিষপান করেন। বিষক্রিয়া শুরু হলে দুইজনই অসুস্থ হয়ে অস্বাভাবিক আচরণ করতে থাকেন। বিষয়টি পার্কে থাকা দর্শনার্থীদের নজরে আসলে তারা দ্রুত তাদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, “দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও পাকস্থলী ওয়াশ করার ব্যবস্থা করা হয়েছে। তাদের মধ্যে একজনের এখনো জ্ঞান ফেরেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা ঘাস মারা বা কীটনাশক জাতীয় কোনো বিষাক্ত পদার্থ পান করেছেন।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, “তাদের দুইজনের বাড়িই মিরপুর উপজেলায় এবং তারা দুইজনই বিবাহিত। প্রাথমিক তদন্তে প্রেমের সম্পর্কের টানাপোড়েন থেকে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।”
উল্লেখ্য, বিষপান করা নুরুন্নাহার কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবাইল গ্রামের এনামের মেয়ে এবং শাকিলের বাড়ি একই উপজেলার কুরিপোল গ্রামে বলে জানা গেছে।#