
শহিদুল্লাহ আল আজাদ, খুলনা ব্যুরো: সমাজে ভালো কাজের স্বীকৃতি, গুণীজনদের সম্মাননা এবং নতুন প্রজন্মের সৃজনশীল প্রতিভা বিকাশের প্রত্যয় নিয়ে খুলনা আর্ট একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬। আলো মিডিয়া গ্রুপ, ঢাকার উদ্যোগে ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার বিকেল ৩টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি লাইব্রেরিয়ান কাজী ফেরদাউসকে আলো মিডিয়া গ্রুপের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর পর্যায়ক্রমে অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথি ও গুণীজনদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়। ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা আরও প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ হয়ে ওঠে।
উদ্বোধন ও অতিথিবৃন্দ অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা থেকে আগত কবি ও সাংবাদিক শাহিদা আক্তার তন্নি। তিনি শাহিদা আক্তার তন্নি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক। শিক্ষা বিস্তার, সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এই শিক্ষানুরাগী ব্যক্তিত্ব শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে কাজ করে যাচ্ছেন। তাঁর বক্তব্যে নতুন প্রজন্মের সুশিক্ষা, প্রতিভা বিকাশ ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার গুরুত্ব উঠে আসে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি লাইব্রেরিয়ান কাজী ফেরদাউস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ মাহফুজুর রহমান। স্বাগত বক্তব্য দেন শিক্ষিকা ও হোমিওপ্যাথি চিকিৎসক রশিদা পারভীন। এ ছাড়া ঢাকা থেকে আগত গার্ডিয়ানের ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আলামিন মিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলো মিডিয়া গ্রুপ, ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক আহমেদ হোসাইন ছানু।

গুণীজন সম্মাননা ও আবেগঘন মুহূর্ত সমাজের বিভিন্ন ক্ষেত্রে সুকর্ম, সৃজনশীলতা, মানবিকতা ও ইতিবাচক অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ‘সু-কর্মে গুণীজনরা’ শীর্ষক সম্মাননা পর্বে বর্ণশিল্পী ও সমাজসেবক ধনঞ্জয় রায় এবং সাংবাদিক মোঃ আবু সাঈদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানের অন্যতম আবেগঘন মুহূর্ত তৈরি হয় সুদূর বান্দরবান থেকে আগত চিত্রশিল্পী গ্রেন্ডসানের সম্মাননা গ্রহণের সময়। শিল্পের প্রতি ভালোবাসা ও সৃজনশীল কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তিনি এই সম্মাননা লাভ করেন। সম্মাননা স্মারক হাতে পাওয়ার পর তিনি আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন। তাঁর এমন অনুভূতি দেখে প্রধান অতিথিসহ উপস্থিত সবাই তাঁর কাছে আবেগের কারণ জানতে চান।
জবাবে গ্রেন্ডসান বলেন, “আজকের এই প্রাপ্তি কাকে দেখাব? আমার বাবা-মা কেউই বেঁচে নেই।” তাঁর কথায় উপস্থিত অতিথিদের মধ্যেও আবেগের সৃষ্টি হয়। তিনি আরও বলেন, শিল্পচর্চার মাধ্যমে পাওয়া এই স্বীকৃতি তাঁর জীবনের অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত। ভবিষ্যতেও যেন শিল্পচর্চা অব্যাহত রেখে এই সম্মাননা পদকের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারেন, সে জন্য তিনি সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
শিশু চিত্রশিল্পীদের অংশগ্রহণ ও সঞ্চালনা সম্মাননা গ্রহণের পর অন্য সম্মানিত ব্যক্তিরাও নিজেদের অনুভূতি প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত শিশুদের অভিভাবকেরা এমন একটি আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে শিশু চিত্রশিল্পী হিসেবে অংশগ্রহণ করে তিশা মনি মৃধা, জিনিয়া ইসলাম, মোহাম্মদ সাইফুল্লাহ, প্রথমা রায় ও মুগ্ধ কুণ্ডু। শিশুদের অংশগ্রহণ ও শিল্পকর্ম পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। তাদের সৃজনশীল প্রতিভা বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস, প্রতিষ্ঠাতা পরিচালক, খুলনা আর্ট একাডেমি এবং শিলা বিশ্বাস, সহকারী পরিচালক, খুলনা আর্ট একাডেমি। সার্বিক সহযোগিতায় ছিলেন সাংবাদিক মোঃ মাহফুজুর রহমান এবং কবি ও গীতিকার মোঃ জাবেদুল ইসলাম। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে দেশজগত ও আজকের জনকথা।
আয়োজকদের বক্তব্য ও প্রত্যাশা আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক আহমেদ হোসাইন ছানু বলেন, সমাজে অনেক মানুষ রয়েছেন, যাঁরা নীরবে নিজেদের মেধা, শ্রম ও কর্মের মাধ্যমে মানুষের কল্যাণে অবদান রেখে চলেছেন। তাঁদের কাজের যথাযথ স্বীকৃতি দেওয়া এবং নতুন প্রজন্মকে সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করাই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য।
এ সময় চিত্রশিল্পী মিলন বিশ্বাস আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ আয়োজনের জন্য আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক আহমেদ হোসাইন ছানুসহ আয়োজক কমিটির সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, খুলনা আর্ট একাডেমি প্রাঙ্গণে এমন একটি সম্মাননামূলক আয়োজন অনুষ্ঠিত হওয়া তাঁর জন্য আনন্দ ও গর্বের বিষয়। এ ধরনের উদ্যোগ শিল্প-সংস্কৃতির বিকাশ এবং গুণীজনদের কাজের স্বীকৃতি প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, খুলনা আর্ট একাডেমি দীর্ঘদিন ধরে শিশু-কিশোরদের চারুকলা শিক্ষা, সাংস্কৃতিক চর্চা এবং দেশীয় ঐতিহ্য সংরক্ষণে কাজ করে আসছে। আয়োজকদের প্রত্যাশা, আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬-এর মতো উদ্যোগ সমাজে ভালো কাজের স্বীকৃতি ও মূল্যায়নের সংস্কৃতি গড়ে তুলবে। পাশাপাশি শিশু-কিশোরদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়ক ভূমিকা রাখবে।#