
কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৫টার দিকে কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপের এ ঘটনা ঘটে।
বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি এবং কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঘটনার পর কারাগার ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পুলিশ, কারা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে একটি মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত কুষ্টিয়া জেলা কারাগারের সামনে আসে। তারা সড়কের ওপর থেকে কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল ছোড়ে এবং বিস্ফোরণের পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম জানান, মোটরসাইকেলে করে তিনজন এসে সড়কের ওপর থেকে ককটেল বোমা নিক্ষেপ করেছে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ঘটনার পর পুলিশ আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দুর্বৃত্তদের শনাক্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপের এ ঘটনার পর স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।#
শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি-