
রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর বোয়ালিয়া থানা পূর্ব ও পশ্চিম শাখার যৌথ উদ্যোগে সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বিকেল ৩টা ২০ মিনিট থেকে সন্ধ্যা ৫টা ৪৫ মিনিট পর্যন্ত মহানগরীর বোয়ালিয়া থানাধীন বড়কুঠি মসজিদ মিশন একাডেমিতে এই সভা অনুষ্ঠিত হয়। এতে উভয় শাখার প্রায় ৮০ থেকে ৯০ জন সদস্য অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোঃ শাহাদত হোসেন, বোয়ালিয়া থানা পূর্ব শাখার সভাপতি মোঃ আদিলুর রহমান এবং বোয়ালিয়া থানা পশ্চিম শাখার সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক মতিউর।
সাংগঠনিক ঐক্য ও নীতি-নৈতিকতা অনুসরণের আহ্বান সভার শুরুতে রাজশাহী মহানগর জামায়াতের শূরা সদস্য হিসেবে মনোনীত আটজন সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ শেষে উপস্থিত নেতৃবৃন্দ সাংগঠনিক কার্যক্রম, দলীয় নীতি-নৈতিকতা অনুসরণ এবং সাংগঠনিক ঐক্য বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনায় মহানগর জামায়াতের নেতৃবৃন্দ সংগঠনের অন্তর্ভুক্ত বিভিন্ন ইউনিটের সদস্যদের পারস্পরিক সমন্বয় ও ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। এ সময় দলীয় নীতি, আদর্শ ও নৈতিকতার ভিত্তিতে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন সিটি নির্বাচন নিয়ে আলোচনা সভায় বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর বিভিন্ন নির্যাতন ও হয়রানির বিষয়েও আলোচনা হয়। নেতৃবৃন্দ আগামী দিনের রাজনৈতিক আন্দোলন ও কর্মসূচিতে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি সতর্কতা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেন। পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সম্ভাব্য সংকট মোকাবিলা এবং কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের সাংগঠনিক নির্দেশনা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এছাড়া সভায় আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচন নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষ করে নগরীর বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে সম্ভাব্য প্রার্থী মনোনয়ন ও নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত বিষয়গুলো আলোচনায় উঠে আসে। পরিশেষে উপস্থিত নেতৃবৃন্দ সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, দায়িত্বশীলদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে মতামত তুলে ধরেন।#
মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী প্রেরিত-