
মোমিনুর রহমান, শ্যামনগর প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং আদিবাসী জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও অধিকার সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে বিশেষ সচেতনতামূলক সেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবন বালিকা বিদ্যালয়ের হলরুমে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই অনুষ্ঠান আয়োজিত হয়। সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস্) এই কর্মসূচির আয়োজন করে।
প্রতিযোগিতায় শিক্ষার্থীদের ৫০টি বহুনির্বাচনি (এমসিকিউ) প্রশ্ন দেওয়া হয় এবং ৩০ মিনিটের মধ্যে তা সম্পন্ন করতে হয়। বিদ্যালয়ের তিনজন শিক্ষক পরীক্ষা কমিটির দায়িত্ব পালন করেন। পরে বাছাইকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে মেধাতালিকায় স্থান অর্জনকারী নয়জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
সুন্দরবন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক রণজিৎ কুমার বর্মন, ভবেশিন্দুর বৈদ্য, খোকন বৈদ্য, সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা, কমিউনিটি কো-অর্ডিনেটর অলক কুমার পাল, কমিউনিটি অর্গানাইজার মনিকা সরকার ও হৈমন্তী রানী, মুন্সিগঞ্জ ইউনিয়ন গ্রিন ক্লাইমেট অ্যাকশন টিমের সভাপতি অসিত কুমার মুন্ডা এবং গ্রিন ক্লাইমেট ইয়ুথ ক্লাবের সভাপতিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার কমিউনিটি অর্গানাইজার মোমিনুর রহমান।

বক্তারা বলেন, পরিবেশকে সুন্দর ও বাসযোগ্য রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মানুষে মানুষে জাতি, বর্ণ ও সম্প্রদায়গত পার্থক্য থাকলেও বাংলাদেশের নাগরিক হিসেবে সবার অধিকার সমান। মুন্ডা, ঋষি, জেলে কিংবা কাহার—পরিচয় যা-ই হোক না কেন, প্রত্যেকেরই নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ধর্মীয় পরিচয় নিয়ে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে। পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তোলার পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের সহযোগিতায় এবং বারসিকের সহায়তায় সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার বাস্তবায়নে এই জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।#