
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পোরশা উপজেলা শাখার উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আয়োজিত এ সভায় উপজেলা ও জেলা পর্যায়ের শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুদ হায়দার টিপু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্যসচিব মো. রুহুল আমিন মুক্তার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম রওশন উল ইসলাম।
পোরশা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ইকবাল হাসান শাহ-এর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. এহিয়া শাহ (মতিয়া)।

সভায় বক্তারা যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান ও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে ইস্পাতকঠিন ঐক্য সুদৃঢ় করা এবং দলীয় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।#