
সাইফুল ইসলাম, মির্জাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের শেষ বগির পেছনের অংশ লাইনচ্যুত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে ঢাকা-ঈশ্বরদী রেলপথের মহেড়া রেলস্টেশনের সামনে এই দুর্ঘটনার ঘটনা ঘটে।
দুর্ঘটনার ফলে ট্রেনের চাকা ও রেললাইনের সামান্য ক্ষতি হলেও সৌভাগ্যবশত এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনার পর থেকে ঢাকার সাথে উত্তরবঙ্গগামী সব ধরনের ট্রেন চলাচল আপাতত সাময়িকভাবে বন্ধ রয়েছে।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি মহেড়া রেলস্টেশন অতিক্রম করার সময় হঠাৎ ট্রেনের শেষ বগিটির পেছনের চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। বিকট শব্দ শুনে চালক তাৎক্ষণিকভাবে ট্রেনটি থামিয়ে ফেলেন। ট্রেনটি ধীরগতিতে থাকায় বড় ধরনের বড় কোনো বিপদের হাত থেকে রক্ষা পান যাত্রীরা।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় রেলওয়ে কর্তৃপক্ষ ও উদ্ধারকারী টিম ঘটনাস্থলে পৌঁছায়। লাইনচ্যুত বগিটি উদ্ধার করে রেলপথ পুনরায় সচল করার চেষ্টা চালানো হচ্ছে।
মহেড়া রেলস্টেশন ও রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বগিটি লাইনচ্যুত হওয়ায় লাইনের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে উদ্ধারকারী ট্রেন (রিলিফ ট্রেন) এনে ক্ষতিগ্রস্ত বগি সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে। লাইন পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত উত্তরবঙ্গগামী ও ঢাকামুখী কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে সাময়িকভাবে আটকে আছে।
উদ্ধার কাজ শেষ হলে খুব দ্রুতই ট্রেন চলাচল পুনরায় শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন দায়িত্বপ্রাপ্ত রেলওয়ে কর্তৃপক্ষ।#