
ফারুক হোসেন নয়ন
তখন নবম কিংবা দশম শ্রেণিতে পড়ার সময়। চারপাশের নিসর্গ, গ্রামীণ ধূলিমাখা পথঘাট আর বইয়ের পাতার প্রখ্যাত কবি-লেখকদের ছবি দেখে অবুঝ মনে স্বপ্ন জাগতো—একদিন নিজেরও একটি কবিতার বই বের হবে। রাতের পর রাত জেগে ডায়েরির পাতায় চলতো কলম। কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল নির্মম বাস্তবতা ও চরম অভাব।
লেখক মাহাবুব রহমান বিপ্লব তাঁর স্মৃতির পাতা উল্টে জানান, বদরগঞ্জের স্থানীয় তছলিম প্রিন্টিং প্রেস, হাসান প্রিন্টিং প্রেস আর বকশী প্রেসে ঘুরে তিনি জেনেছিলেন—মাত্র ১০টি কবিতা ছাপাতে সে সময় দুই থেকে তিন হাজার টাকা খরচ লাগবে। ছাত্রজীবনে যা ছিল পাহাড়সম এক অঙ্ক। কোনো উপার্জন না থাকায় স্থানীয় শিক্ষানুরাগী ও জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও মেলেনি কোনো অর্থ সহায়তা।
হতাশার চরম মুহূর্তে নিজের একটি কিডনি বিক্রি করে হলেও বই প্রকাশের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে আপন মামা ও ক্লাসবন্ধু নোয়াজেসের কড়া বাঁধায় সেই পথ থেকে ফিরে আসেন। কিন্তু অর্থাভাবে স্বপ্ন ভাঙার যন্ত্রণায় একসময় তীব্র অভিমানে ও ক্ষোভে জীবনের সব কবিতার সংগ্রহ আগুনে পুড়িয়ে ছাই করে দেন লেখক।
এরপর পড়াশোনার পাঠ চুকিয়ে বৈবাহিক জীবনে প্রবেশ করেন। সংসারের জোয়াল কাঁধে নিয়ে জীবন যুদ্ধে নামেন। সময়ের পরিক্রমায় জমাজমি ও সংসারের চাকা সচল হলেও লেখালেখির ইচ্ছাটা থেকেই যায়। মনের কোণে জমে থাকা ধুলো সরিয়ে আবারও শুরু করেন কবিতা ও গল্প লেখা। তবে সাংসারিক নানা ব্যস্ততা ও যান্ত্রিক চাপে সেই লেখাও একসময় থমকে যায়।
অবশেষে জীবনের শেষ প্রান্তে এসে এক নতুন আলো দেখেন তিনি। এক স্বনামধন্য প্রকাশনীর কাছে তাঁর না পাওয়া আর দীর্ঘ সংগ্রামের গল্প শোনান। প্রকাশনী কর্তৃপক্ষ তাঁর প্রতিভা মূল্যায়ন করে সম্পূর্ণ বিনা খরচে একক কবিতার বই প্রকাশের আশ্বাস দেয়।
সব অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি সপ্তাহেই প্রকাশিত হতে যাচ্ছে মাহাবুব রহমান বিপ্লবের প্রথম একক কবিতা ও গল্পের বই—‘কাগজের চিরকুট’।
স্বপ্নপূরণের প্রতিক্রিয়া জানিয়ে লেখক বলেন, “আজ মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। শৈশবের সেই স্বপ্ন শেষ বয়সে এসে পরম করুণাময় এমন চমৎকারভাবে পূরণ করবেন, তা কখনো কল্পনাও করিনি। কোনো অঙ্গ বিক্রি করতে হয়নি, বরং বিনা খরচেই আমার দীর্ঘদিনের সাধের বইটি প্রকাশিত হতে যাচ্ছে।”
বদরগঞ্জের ছোট্ট গ্রাম থেকে শুরু হওয়া দীর্ঘ সংগ্রামের ফসল ‘কাগজের চিরকুট’ বইটি সংগ্রহ করে পড়ার জন্য পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রতি বিনীত আহ্বান জানিয়েছেন লেখক মাহাবুব রহমান বিপ্লব।#