
নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্যের কক্ষের তালা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কেটে খুলে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে তালা কাটার এই ঘটনা ঘটে।
মহানগরীর উপশহর এলাকায় অবস্থিত রামেবির অস্থায়ী ক্যাম্পাসে এই কার্যক্রম পরিচালনার পর পুলিশ তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। এর আগে উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে তাঁর বাসা থেকে ক্যাম্পাসে নিয়ে আসেন বিএনপির নেতাকর্মীরা।
জানা যায়, গত মঙ্গলবার রামেবির অস্থায়ী কার্যালয়ে উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে অবরুদ্ধ করে জোরপূর্বক একটি কাগজে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ওঠে। লাঞ্ছিত হওয়ার আশঙ্কায় তিনি সই করতে বাধ্য হন এবং পরবর্তীতে তাঁকে কার্যালয় থেকে বের করে দেওয়া হয়। উপাচার্যের ভাষ্য, তাঁকে স্বাক্ষর করার সময় কাগজটি পড়তে দেওয়া হয়নি।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় ৫০ থেকে ৬০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে। মামলায় ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বশেষ গ্রেপ্তার হওয়া দুজন হলেন মো. আলী আকবর হোসাইন ও মো. দেলোয়ার হোসেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সিসিটিভি ফুটেজ, ভিডিও ও ছবি বিশ্লেষণ করে আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে।

উপাচার্যের কক্ষে তালা খোলার বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন বলেন, “বহিরাগত কেউ উপাচার্যের কক্ষে তালা দিয়েছিল। তালা খুলে কক্ষটি তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
এদিকে বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মো. নাজমুল হোসাইন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু উপাচার্যকে সম্মানসহ তাঁর কক্ষে নিয়ে যাবেন।#