
সাব্বির আলম বাবু, ভোলা প্রতিনিধি: মা ইলিশ রক্ষায় ভোলায় শুরু হয়েছে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞার প্রথম দিন বৃহস্পতিবার সকাল থেকেই মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশ। অভিযানকালে নিষিদ্ধ ৬ হাজার মিটার কারেন্ট ও মশারি জাল জব্দ করা হয়েছে।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর নির্ধারিত অভয়াশ্রম এলাকায় সব ধরনের মাছ ধরা, পরিবহন ও বিক্রির ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
নিষেধাজ্ঞার প্রথম দিন সকাল থেকেই নদীর বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে অভিযান পরিচালিত হয়। অভিযানে নদীতে জেলেদের মাছ শিকারের দৃশ্য না মিললেও নিষেধাজ্ঞা অমান্য করে অসাধু উপায়ে ব্যবহারের জন্য রাখা প্রায় ৬ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট ও মশারি জাল জব্দ করা হয়।
অভিযান পরিচালনা শেষে জেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, “মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার পুরো সময়জুড়ে ভোলা জেলার সবকটি নদীতে আমাদের কঠোর নজরদারি থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নদীতে নামলে বা ইলিশ শিকারের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।#