
মোঃ রাসাদুদ জামান ,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সড়কে নিম্নমানের ইট ও বালু ব্যবহারের মারাত্মক অভিযোগ উঠেছে। এমনকি অতিবৃষ্টিতে সড়কের সাব-বেইজ ধসে পড়ার পর সেখানে বালুর পরিবর্তে মাটি দিয়ে ভরাট করে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের সিদ্ধেশ্বরী মোড় থেকে মিঠাপুর পর্যন্ত ২.৩ কিলোমিটার সড়ক পুনর্নির্মাণ ও উন্নয়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৮ হাজার ২৭৬ টাকা। দরপত্রের মাধ্যমে কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় রাজশাহীর ‘বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড’। তবে মাঠ পর্যায়ে স্থানীয় সাজু ও মকলেছুর নামের দুই সাব-ঠিকাদার কাজটি পরিচালনা করছেন।
গতকাল সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে কাজ চলছে। একাধিক স্থানে খোয়ার কাজে অতি-নিম্নমানের ইট ও পলিযুক্ত বালু ব্যবহার করা হচ্ছে। বৃষ্টিতে ধসে যাওয়া সাব-বেইজের অংশগুলোতে নিয়ম মেনে সংস্কার না করে মাটি চাপা দিয়ে তড়িঘড়ি কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে।
স্থানীয় অধিবাসীরা জানান, কাজের শুরু থেকেই আমরা অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছি। কিন্তু ঠিকাদারের প্রতিনিধিরা আমাদের কথা কানে তোলেননি। এভাবে কাজ শেষ হলে প্রথম বর্ষাতেই সড়কটি নষ্ট হয়ে জনগণের সরকারের শত কোটি টাকার সম্পদ ভেস্তে যাবে।
তবে অভিযোগ অস্বীকার করে সাব-ঠিকাদার সাজু বলেন, “ভারী বর্ষণের কারণে সাব-বেইজের কয়েকটি স্থান ধসে গিয়েছিল, আমরা সেগুলো পুনরায় সংস্কার করছি। কাজে কোনো অনিয়ম বা নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়নি।”
এ বিষয়ে আত্রাই উপজেলা এলজিইডি প্রকৌশলী নিশিত কুমার জানান, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে প্রতিনিধি পাঠিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে নিম্নমানের সব সামগ্রী দ্রুত অপসারণ করতে বলা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে নিম্নমানের কাজ করা হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।