
মো. সাইফুল ইসলাম শান্ত, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক যৌথ অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ রিপন মিয়া (৪১) নামে এক শীর্ষ মাদক কারবারিকে আটক করা হয়েছে। একই অভিযানে মাদক সেবনের অপরাধে আরও তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার রাতে মির্জাপুর উপজেলার মহেড়া আগছাওয়ালী এলাকায় প্রথম অভিযানটি পরিচালিত হয়। ড্রেসিং টেবিলের আয়নার পেছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১২০০ পিস ইয়াবাসহ রিপন মিয়াকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ১২ হাজার টাকা ও মাদক কারবারে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে মির্জাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অন্যদিকে, মহেড়া পিটিসির (PTC) নিকটবর্তী মহেড়া আনন্দ উচ্চ বিদ্যালয়ের মাঠে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় জাবেদ, ফরিদ ও জহুরুল নামে তিনজনকে আটক করা হয়। পরবর্তীতে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ রেজা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুলের সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক মো. সাইফুর রহমান রানার নেতৃত্বে এই সফল অভিযান দুটি সম্পন্ন হয়।#