
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৌরসভার বর্জ্য পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা, বর্জ্য পরিবহনের গাড়ি ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রতিকার চেয়ে থানায় এজাহার দায়েরের পর পুলিশ রাজু আহমেদ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত রাজু আহমেদ শিবগঞ্জ পৌরসভাধীন চকদৌলতপুর উপটোলা গ্রামের মোজাম্মেল হকের ছেলে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর ঈদগাহ রাস্তায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে শিবগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা বর্জ্য অপসারণের গাড়ি নিয়ে চকদৌলতপুর ঈদগাহ প্রধান সড়কে ময়লা সংগ্রহ করতে গেলে রাজু আহমেদ তাতে বাধা দেন। একপর্যায়ে তিনি কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। অভিযোগ রয়েছে, তিনি সরকারি কাজে বাধা দেওয়ার পাশাপাশি ককটেল মেরে উ উড়িয়ে দেওয়ার হুমকি দেন এবং গাড়ি ভাঙচুরসহ কর্মীদের মারধর করেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান জানান, ময়লা অপসারণে বাধা, পরিচ্ছন্নতাকর্মী ও গাড়িচালকের ওপর হামলা, গাড়ি ভাঙচুর এবং ককটেল হামলার হুমকি দেওয়ার অভিযোগে রাজু আহমেদকে আটক করা হয়েছে। পৌরসভার পক্ষ থেকে থানায় এজাহার দায়েরের পর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ বিষয়ে শিবগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাজহারুল ইসলাম বলেন, “পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে সরকারি কাজে বাধা, কর্মীদের মারধর ও ককটেল বিস্ফোরণের হুমকির সত্যতা পাওয়া গেছে। থানায় এজাহার দায়ের করা হয়েছে এবং পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বিষয়টি তদন্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#