
শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বন্যার পানিতে ডুবে সামিনা খাতুন (১৩) নামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের হায়দারের চর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সামিনা হায়দারের চর এলাকার সাইদুল মালিথার মেয়ে। সে স্থানীয় চিলমারী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকা প্লাবিত হওয়ায় বাড়ির পাশে জমে থাকা বন্যার পানিতে গোসল করতে নামে সামিনা। এ সময় তার বোন সিনা ও আরেকজন সঙ্গী তার সঙ্গে ছিল। গোসলের একপর্যায়ে সামিনা গভীর পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা সঙ্গীদের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ গজ দূর থেকে সামিনার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী চঞ্চল হোসেন জানান, বাড়ির পাশে বন্যার পানি উঠে যাওয়ায় তিনজন একসঙ্গে গোসল করতে নেমেছিল। সামিনা পানিতে তলিয়ে গেলে চিৎকার শুনে এলাকাবাসী এসে দীর্ঘক্ষণ চেষ্টার পর তার লাশ উদ্ধার করে।
রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মন্ডল বলেন, “পুরো এলাকা বন্যায় প্লাবিত হওয়ায় শিশুরা বাড়ির আঙিনাতেই গোসল করতে নামছে। গত ১৫-২০ দিনে এলাকায় পানিতে ডুবে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। এটি অত্যন্ত মর্মান্তিক।”
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, পানিতে ডুবে শিক্ষার্থী মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশের একটি দল পাঠানো হয়। পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা মরদেহ উদ্ধার করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।#