
নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: গোদাগাড়ীতে অনুমোদিত সীমার বাইরে বিপুল পরিমাণ সার মজুত রাখার অভিযোগে মেসার্স কৃষি ঘরের মালিক ও সার ডিলার সোলাইমান পাটোয়ারীকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তার গুদাম থেকে ২০০ বস্তা এমওপি (MOP) এবং ৩০০ বস্তা টিএসপি (TSP) সার উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গোদাগাড়ী সদরের ডাইংপাড়ায় অবস্থিত ‘মেসার্স কৃষি ঘর’ নামক প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এ সাজার আদেশ দেন।
৩ বার সতর্ক করার পরও অবৈধ মজুত
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত সোলাইমান পাটোয়ারী বিসিআইসি (BCIC) ও বিএডিসি (BADC)-র নিবন্ধিত সার ডিলার। সার মজুত ও বিক্রির ক্ষেত্রে অনিয়ম করায় গত দুই মাসে তাঁকে তিনবার সতর্ক করা হয়েছিল। তবে সতর্কবার্তা উপেক্ষা করে তিনি নির্ধারিত সীমার অতিরিক্ত সার গুদামে মজুত রাখেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ জানান, কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত তদারকি চালানো হচ্ছে। অনুসন্ধানে মেসার্স কৃষি ঘরে অনুমোদিত পরিমাণের চেয়ে অতিরিক্ত সার পাওয়া যায়, যা আইনগতভাবে অপরাধ।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান জানান, কৃত্রিম সংকট তৈরি বা কৃষকদের হয়রানি রোধে ডিলারদের গুদামে অভিযান অব্যাহত থাকবে। অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।