
বিশেষ প্রতিনিধি:রাজশাহীর বাঘায় নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলার নির্বাহী অফিসারের (ইউএনও) দায়িত্বে থাকা চারঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মামুনুর রহমান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু জাফরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন: ডাঃ মাহফুজা শামীম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, আশরাফ আলী মলিন, সদস্য সচিব, উপজেলা বিএনপি, কামাল হোসেন, সভাপতি, বাঘা পৌর বিএনপি, তফিকুল ইসলাম শফি, সাধারণ সম্পাদক, বাঘা পৌর বিএনপি ও আব্দুল লতিফ মিঞা, আহ্বায়ক, বাঘা প্রেস ক্লাব।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “কাজী নজরুল ইসলাম শুধু একজন কবিই ছিলেন না; তিনি ছিলেন বিদ্রোহের আগুন, প্রেমের প্রকাশ এবং সাম্যের প্রতীক। তিনি আমাদের অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করার শিক্ষা দিয়ে গেছেন। মানুষে মানুষে ভেদাভেদ ভুলে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি লিখেছিলেন— ‘মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মূল ব্যানারে প্রধান অতিথি হিসেবে রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের নাম উল্লেখ থাকলেও বিশেষ কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি।
আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়, মীরগঞ্জ প্রাথমিক বিদ্যালয়, আড়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা কাজী নজরুল ইসলামের রচিত গান, কবিতা ও আবৃত্তি পরিবেশন করে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা ও সাম্যের অমীয় বাণী নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এই প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।#