
মোস্তাফিজুর রহমান লিটন: রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৪টা ৫ মিনিট থেকে ৫টা ১৫ মিনিট পর্যন্ত রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন শালবাগানে ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক পরিচালনায় ছিলেন ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহাম্মদ ইমামুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মাস্টার ট্রেইনার মোঃ মফিদুল ইসলাম এবং সুপারভাইজার মোঃ আব্দুল জব্বারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও শিক্ষাকে স্মরণ করার গুরুত্বপূর্ণ একটি উপলক্ষ। তিনি সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ প্রেরিত হয়েছেন। তাঁর সত্যবাদিতা, আমানতদারি, ন্যায়বিচার, মানবিকতা, ক্ষমাশীলতা ও সহমর্মিতা মানবজীবনের জন্য সর্বোত্তম আদর্শ।
বক্তারা আরও বলেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে জানাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁর আদর্শ অনুসরণ ও বাস্তবায়নের মাধ্যমে নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলা সম্ভব। ইসলামিক ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ইসলামিক গজল, হামদ ও নাতে রাসুলসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্য থেকে মোট ছয়জনকে সৌজন্য পুরস্কার প্রদান করা হয়। পরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর উম্মতের কল্যাণ, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।#