
মোঃ নাসিম, নিজস্ব প্রতিবেদক (নাচোল, চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাতের আঁধারে শত্রুতামূলকভাবে এক কৃষকের সাড়ে তিন লাখ টাকার আম ও পেঁপে গাছ কেটে সাবাড় করে দেওয়ার অভিযোগ উঠেছে। লিজ নেওয়া জমিতে তিল তিল করে গড়ে তোলা বাগানটি ধ্বংস হয়ে যাওয়ায় চরম হতাশা ও কান্নায় ভেঙে পড়েছেন ভুক্তভোগী কৃষক রবিউল ইসলাম।
রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতের কোনো একসময়ে নাচোল উপজেলার কালইর (শালবাড়ি) গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ:
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী কৃষকের তথ্য অনুযায়ী, কালইর গ্রামের মনিরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম অন্যের ছয় বিঘা জমি লিজ নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতের আম ও পেঁপে চাষ করে আসছিলেন। কালইর মধ্যবাজার সংলগ্ন ওই বাগানে গত দুই বছর ধরে তিনি পরম যত্নে গাছগুলো লালন-পালন করছিলেন। চলতি মৌসুমে গাছগুলোতে কাটিমন আমসহ বিভিন্ন পেঁপে ধরেছিল এবং ভালো ফলনের আশা করছিলেন তিনি।
কিন্তু সোমবার (২৬ অক্টোবর) সকালে জমির মালিকের ছেলে আব্দুল্লাহ মুঠোফোনে রবিউলকে বাগান ধ্বংসের বিষয়টি জানান। দ্রুত ঘটনাস্থলে গিয়ে রবিউল দেখেন, বাগানের প্রায় ৪০০ পেঁপে ও আম গাছ গোড়া থেকে কেটে ও উপড়ে মাটিতে ফেলে রাখা হয়েছে। এতে তার আনুমানিক ৩ লাখ ৫০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকের আকুতি:
কান্নাজড়িত কণ্ঠে কৃষক রবিউল ইসলাম বলেন, “এই পেঁপে ও আম গাছগুলো শুধু ফসল ছিল না, এগুলো ছিল আমার সন্তানের মতো। দিন-রাত এক করে পরিশ্রম করে আজ এই পর্যায়ে এনেছিলাম। রাতের আঁধারে কারা আমার এমন সর্বনাশ করল বুঝতে পারছি না। আমার সব স্বপ্ন এক রাতেই শেষ হয়ে গেল।”
এদিকে কৃষকের কষ্টের ফসল এভাবে ধ্বংস করায় এলাকার সাধারণ মানুষ ও অন্য কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গ্রামীণ অর্থনীতির ওপর এমন হামলার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশের বক্তব্য:
এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, বিষয়টি তিনি জানতে পেরেছেন। ভুক্তভোগী কৃষককে একটি লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#