
মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহীর ঐতিহ্যবাহী ভুবনমোহন পার্কের একটি কক্ষে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ১০ জনকে হাতেনাতে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বিশেষ জুয়াবিরোধী টিম ও ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি)। এ সময় তাদের কাছ থেকে ৬৬ সেট তাস, জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ৫৯ হাজার ৫৪৫ টাকা এবং ১১টি মুঠোফোন জব্দ করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) রাত সোয়া ২টার দিকে ভুবনমোহন পার্কের ভেতরে সিটি করপোরেশনের দ্বিতল ভবনের দ্বিতীয় তলার উত্তর পাশের একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, অভিযানকালে ওই কক্ষে কয়েকজনকে জুয়া খেলতে দেখা যায়। পরে তাদের হাতেনাতে আটক করা হয়। আরএমপি সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন—বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ গ্রামের বেলাল হোসেন (৫৫), বেলদারপাড়ার মিলন সরকার (৩০), রাজারহাতা এলাকার কাজী ছোটন (৫১), বোয়ালিয়াপাড়া এলাকার বাদল (৫২), চন্দ্রিমা থানার আসাম কলোনি এলাকার খোকন (৫৪), শিরোইল কলোনির হাবিবর রহমান (৬০), আইনুল হক (৫০) ও আব্দুল আলিম (৪৫)। এছাড়া নাটোর সদর থানার চক বৈদ্যনাথ গ্রামের রানা (৩৭) ও মেহেরাজ (৩২) রয়েছেন।
অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে মোট ৬৬ সেট প্লে-কার্ড বা তাস উদ্ধার করেন। একই সঙ্গে জুয়া ও বেটিং কার্যক্রমে ব্যবহৃত অনলাইন জুয়া ও বেটিং অ্যাপসসহ চারটি স্মার্টফোন, সাতটি বাটন ফোন এবং নগদ ৫৯ হাজার ৫৪৫ টাকা জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, আটক ব্যক্তিরা ওই কক্ষে বসে তাসের মাধ্যমে জুয়া খেলছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ জুয়াবিরোধী টিম ও সিআরটির সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন। আরএমপি জানিয়েছে, নগরীতে জুয়া ও অবৈধ বেটিং কার্যক্রমের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ স্বাভাবিক রাখতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এ ঘটনায় আটক ১০ জনের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।#