
জি.এম.আমিনুর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে নবগঠিত উপজেলা বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ইউনিয়নের যাদার বাজারে এ সভার আয়োজন করা হয়।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল খায়ের মল্লিকের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী শাহ আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সোলায়মান কবির, সদস্য সচিব আশেক ইলাহী মুন্না, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাঈদ, যুগ্ম আহ্বায়ক গোলাম আলমগীর, সদস্য আলহাজ্ব মাস্টার আবদুল ওয়াহেদ, আবু ইউসুফ ও মো. মাসুদ।
সভায় আরও উপস্থিত ছিলেন কৈখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আজাদ খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মতবিনিময় সভায় বক্তারা কৈখালী ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন, দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং আগামীতে যেকোনো নির্বাচনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম জোরদার করা প্রয়োজন। এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা দলের সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।#