
শীতের আগমনে প্রকৃতি যখন তার রুক্ষতা ঝেড়ে ফেলে স্নিগ্ধ ও কোমল রূপ ধারণ করে, ঠিক তখনই ভ্রমণপিপাসু মানুষের মনে ঘুরে বেড়ানোর তীব্র আকাঙ্ক্ষা জাগে। শীত মৌসুমে সব বয়সী পর্যটকদের মুগ্ধ করতে নতুন সাজে সেজেছে সাতক্ষীরার দেবহাটা উপজেলার রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র, যা স্থানীয়ভাবে ‘মিনি সুন্দরবন’ নামেও পরিচিত। গ্রামীণ নির্মল পরিবেশ, নদীর বয়ে চলা শীতল হাওয়া এবং সবুজ ম্যানগ্রোভ বনের ছায়া মিলে এখানে তৈরি হয়েছে এক অনন্য প্রাকৃতিক আবহ। পর্যটকদের সুবিধার্থে এখানে সড়কপথে উন্নত যোগাযোগ ব্যবস্থা, সুপেয় পানি, পর্যাপ্ত বসার স্থান, বিশ্রাম কক্ষ, সেমিনার রুম, রান্নার জায়গা এবং ইন্টারনেট সুবিধাসহ নানা আধুনিক ব্যবস্থা রাখা হয়েছে। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব কিংবা সহকর্মীদের নিয়ে দিনভর সময় কাটানোর জন্য স্থানটি এখন অন্যতম পছন্দের গন্তব্য হয়ে উঠছে।
জেলা সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে দেবহাটা উপজেলার শিবনগর মৌজায় বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ইছামতী নদীর তীরে প্রায় ১৫০ একর জমিজুড়ে এই পর্যটন কেন্দ্রটি অবস্থিত। মূলত নদীর ভাঙন রোধে চরের জমিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই ম্যানগ্রোভ বনটি গড়ে তোলা হয়েছিল। একসময় যে চরের জমি ভাঙন ও প্রাকৃতিক ঝুঁকির মুখে ছিল, পরিকল্পিত বনায়ন ও প্রশাসনিক উদ্যোগের ফলে আজ তা রূপ নিয়েছে এক সবুজ অভয়ারণ্যে। বর্তমানে এটি একটি পূর্ণাঙ্গ বিনোদনকেন্দ্রে পরিণত হয়েছে, যা থেকে একদিকে যেমন সরকারি রাজস্ব আয় হচ্ছে, তেমনি স্থানীয়দের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়েছে। স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী, নৌকা ও ট্রলার চালক, খাবার ও সামগ্রী বিক্রেতা এবং রক্ষণাবেক্ষণ কর্মীদের জন্য এ কেন্দ্রটি আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস হয়ে দাঁড়িয়েছে।
পর্যটন কেন্দ্রটিতে সারা বছরই জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং পারিবারিক উদ্যোগে বনভোজনের আয়োজন করা হয়। শীতের দিনে যখন দূর-দূরান্ত থেকে পিকনিকের দল আসতে শুরু করে, তখন পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। সুন্দরবনের আদলে গড়ে তোলা এই বনে কেওড়া, বাইন, গোলপাতা, কাঁকড়া, নিম, সুন্দরী ও হরকচাসহ বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ বৃক্ষ রয়েছে। ঘন বনভূমি ও জলাভূমির সংমিশ্রণে গড়ে ওঠা এই পরিবেশে পাখির কিচিরমিচির, পাতার মর্মর ধ্বনি এবং প্রাকৃতিক জীববৈচিত্র্যের ছোঁয়া দর্শনার্থীদের শহুরে ক্লান্তি ভুলিয়ে দেয়।
রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র এর ভেতরে ও আশপাশে ছড়িয়ে রয়েছে নানা বৈচিত্র্যময় আকর্ষণ। বনের পাশেই প্রায় ১০ একর জায়গাজুড়ে রয়েছে মনোরম ‘অনামিকা লেক’, যেখানে দর্শনার্থীদের জন্য শান বাঁধানো ঘাট ও বসার স্থান তৈরি করা হয়েছে। লেকের শান্ত জলের পাশে বসে কিছুক্ষণ সময় কাটানো কিংবা আলো-ছায়ার খেলা দেখা যেকোনো ভ্রমণকারীর কাছে বেশ উপভোগ্য। পুরো বন ঘুরে দেখার জন্য ভেতরে রয়েছে ট্রেইল ব্যবস্থা এবং লেকে নৌভ্রমণের জন্য বোটের সুবিধা। বনের ভেতরের আঁকাবাঁকা পথ ধরে হাঁটতে হাঁটতে প্রকৃতির খুব কাছাকাছি যাওয়ার সুযোগ মেলে।
এছাড়া পর্যটকদের বাড়তি আনন্দের জন্য ঘোড়ায় চড়া, শিশুদের বিভিন্ন রাইড এবং ইঞ্জিনচালিত ট্রলারে চড়ে বাংলাদেশ-ভারত সীমান্তের জিরো পয়েন্ট ঘুরে দেখার সুযোগ রয়েছে। শিশু-কিশোরদের জন্য আলাদা রাইড ও খেলার ব্যবস্থা থাকায় অভিভাবকরাও নিশ্চিন্তে সময় কাটাতে পারেন। পাশাপাশি রাত্রিযাপনের সুবিধাসহ আরও কিছু উন্নয়নকাজ বর্তমানে চলমান রয়েছে। ভবিষ্যতে রাত্রিযাপনের সুব্যবস্থা যুক্ত হলে দূরবর্তী জেলাগুলো থেকে আসা পর্যটকদের জন্য এখানে অবস্থান করা আরও সহজ ও আরামদায়ক হবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, মাত্র ২০ টাকা প্রবেশ ফির বিনিময়ে দর্শনার্থীরা এই কেন্দ্রটি উপভোগ করতে পারেন, যার পুরো অর্থ সরকারি রাজস্ব তহবিলে জমা হয়ে কেন্দ্রটির উন্নয়নেই ব্যয় করা হয়। স্বল্প খরচে এমন একটি মনোরম পরিবেশে প্রবেশের সুযোগ থাকায় সাধারণ মানুষের কাছে এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।
পর্যটন কেন্দ্রের সৌন্দর্য ধরে রাখার পাশাপাশি দর্শনার্থীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র এর ম্যানেজার সোহেল রানা জানান, দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে তারা নিয়মিত কাজ করে যাচ্ছেন। ছুটির দিনগুলোতে এখানে প্রচুর মানুষের সমাগম ঘটে। বিশেষ করে সাপ্তাহিক ছুটি ও উৎসবের দিনগুলোতে ভিড় বাড়লেও শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তৎপর থাকে। নদীর তীরে অবস্থিত হওয়ায় এখান থেকে ভারতের টাকি পৌরসভার দৃশ্যও উপভোগ করা যায়, যা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পিকনিক করতে আসা পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। সীমান্তের ওপারের জনপদ ও নদীর দুই পাড়ের দৃশ্য একসঙ্গে দেখার অভিজ্ঞতা পর্যটকদের কাছে বাড়তি মাত্রা যোগ করে।
এ বিষয়ে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা বলেন, “সব বয়সী মানুষের উপযোগী বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে এখানে নতুন করে একটি মুক্তমঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে একসাথে ৫০-৬০ জন পর্যটক বসে সেমিনার বা যেকোনো অনুষ্ঠান করতে পারবেন। নতুন করে ছবি তোলার জন্য প্রজাপতি পয়েন্ট, বাচ্চাদের জন্য নতুন নতুন খেলার সামগ্রী আনা হয়েছে এবং নদীতে নামা ও নৌকা ভ্রমণের জন্য অনেক টাকা ব্যয়ে একটি ঘাট নির্মাণ করা হয়েছে।”
তিনি আরও বলেন, “নদীর পাড়ে বসে অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য নতুন নতুন গোলঘরসহ বিভিন্ন অনুষঙ্গ যুক্ত করা হয়েছে। এখানে এলে সুন্দরবন ভ্রমণের অনেকটাই স্বাদ পাওয়া যায়। নির্মল বাতাসে প্রকৃতির সান্নিধ্য উপভোগ করার জন্য উন্নয়ন কর্মকাণ্ড চলমান রয়েছে এবং পর্যটকদের আরও আকৃষ্ট করতে আগামীতে নতুন কিছু উদ্যোগ নেওয়া হবে।”
সব মিলিয়ে ইছামতীর পাড়ে গড়ে ওঠা এই ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি এখন কেবল একটি চরের বন নয়, বরং সাতক্ষীরা তথা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবেশবান্ধব পর্যটন ও বিনোদনের এক সম্ভাবনাময় কেন্দ্র। যথাযথ রক্ষণাবেক্ষণ, আধুনিক সুযোগ-সুবিধার ধারাবাহিক সম্প্রসারণ এবং পরিবেশ সুরক্ষার মাধ্যমে আগামী দিনে এটি আরও সমৃদ্ধ হয়ে উঠবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় বাসিন্দা ও ভ্রমণপ্রেমীদের।#
আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রেরিত-