
মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন বলেছেন, “সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি। এ দেশের প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে ও নিরাপদে পালনের অধিকার রয়েছে।”
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
সম্প্রীতি ও সহাবস্থানের আহ্বান:
ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে সংসদ সদস্য ফজলুল হক মিলন বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব পালনে বর্তমান সরকার পাশে রয়েছে। তিনি আরও যোগ করেন, “আপনাদের ধর্মীয় উৎসবের প্রতি আমাদের সম্মান ও শ্রদ্ধা রয়েছে। আমরা সবাই মিলেমিশে সম্প্রীতি ও শান্তির মধ্যে বসবাস করতে চাই। যেকোনো বিপদ-আপদে আমাকে আপনারা পাশে পাবেন।”
নোয়াপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে সভা:
সোমবার সন্ধ্যায় নোয়াপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুক্তাজুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন।
প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের বক্তব্য:
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন—এটাই প্রত্যাশা।” তিনি উৎসবের সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনেও ধর্মীয় সম্প্রীতি ও সব ধর্মের মানুষের সহাবস্থানের বিষয়টি প্রাধান্য পেয়েছে।
অন্যদিকে উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু জানান, পূজামণ্ডপগুলোতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মাঠে থেকে সহযোগিতা করছেন।
উপস্থিত অতিথিবর্গ:
এ সময় অন্যান্যের মাঝে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন আকাশ, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হারুন অর রশিদ দেওয়ানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সনাতন ধর্মাবলম্বী পূর্ণ্যার্থীরা উপস্থিত ছিলেন।#