
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে একটি পরিত্যক্ত ঘর থেকে ২০ বস্তা রাসায়নিক সার জব্দের ঘটনায় দুই ব্যক্তিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী মহসিন আলী ও সহদেবকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার রাতোর ইউনিয়নের ফুটানি টাউন বাজারের একটি পরিত্যক্ত ঘর থেকে সারগুলো জব্দ করে পুলিশ। জব্দকৃত সারের মধ্যে ছিল সাত বস্তা ইউরিয়া, পাঁচ বস্তা পটাশ, চার বস্তা টিএসপি এবং চার বস্তা ডিএপি।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বিষয়টি কৃষি কর্মকর্তাদের জানানো হয়। উপজেলা কৃষি কর্মকর্তার নির্দেশে উপসহকারী কৃষি কর্মকর্তা মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ স্থানীয়দের উপস্থিতিতে সারগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।
সার জব্দের পর কৃষক মহসিন আলী দাবি করেন, তিনি তাঁর বাবা, ভাই ও নিজের কৃষি উপকরণ বিতরণ কার্ড ব্যবহার করে স্থানীয় ‘আঁখি ট্রেডার্স’ ও ‘লাকী ট্রেডার্স’ থেকে এসব সার সংগ্রহ করেছিলেন।
তবে লাকী ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল আজিজের ছেলে জানান, মহসিন আলী তাঁদের প্রতিষ্ঠান থেকে সাত বস্তা সার কিনেছিলেন। কিন্তু পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হওয়া বাকি সারগুলো তাঁদের গোডাউনের নয়। অন্যদিকে আঁখি ট্রেডার্সের স্বত্বাধিকারী আইনুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
উপসহকারী কৃষি কর্মকর্তা মহিদুল ইসলাম জানান, এলাকাবাসীর অভিযোগের মুখেই সারগুলো জব্দ করে থানা হেফাজতে দেওয়া হয়েছিল।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার পর জব্দকৃত সারগুলো সংশ্লিষ্ট ব্যক্তিকে ফেরত দেওয়া হয়। তবে সার ফেরত দেওয়ার এই সিদ্ধান্ত নিয়ে স্থানীয় সাধারণ কৃষকদের মনে মিশ্র প্রতিক্রিয়া ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।#