
মো. সাইফুল ইসলাম শান্ত, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।
গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে লতিফপুর ইউনিয়নের বান্দরমারা গ্রামে অবস্থিত বংশাই নদীতে এই আড়ম্বরপূর্ণ আয়োজন করা হয়। গ্রামবাংলার চিরচেনা এই ঐতিহ্যবাহী খেলাকে কেন্দ্র করে নদীর দুই পাড়ে সৃষ্টি হয় ব্যাপক উৎসবের আমেজ। আমোদপ্রমোদ ও নৌকা বাইচ দেখতে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে নারী, পুরুষ ও শিশুসহ নানা বয়সী মানুষের ঢল নামে।
নির্ধারিত সময়ে বিভিন্ন এলাকা থেকে আসা সুসজ্জিত নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। মাঝিদের বৈঠার তাল ও ছন্দে নদীর বুক চিরে দ্রুতগতিতে ছুটে চলে প্রতিযোগিতাটি। এ সময় নদীর পাড়ে অবস্থানরত হাজারো দর্শনার্থী করতালি ও উচ্ছ্বাসের মাধ্যমে প্রতিযোগীদের উৎসাহ প্রদান করেন।
নৌকা বাইচকে কেন্দ্র করে বংশাই নদীর দুই তীরে বসে ছোট-বড় হরেক রকমের মেলা ও দোকানপাট, যেখানে স্থানীয় ব্যবসায়ীরা ভালো বেচাকেনার সুযোগ পান। আয়োজকরা জানান, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং গ্রামীণ বিনোদনের অংশ হিসেবেই এই নিয়মিত আয়োজন করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “নৌকা বাইচ আমাদের গ্রামীণ সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। দীর্ঘদিন পর এমন জমকালো আয়োজন হওয়ায় পুরো এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।”
প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। স্থানীয় সরকার বিভাগ বিষয়ক উপজেলা বিএনপি’র সম্পাদক মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র (ভারপ্রাপ্ত) সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ-আলম, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আলী আজম সিদ্দিকী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সদস্য আলী হোসেন রনি, তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ রেজা সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।#