
মো. সাইফুল ইসলাম শান্ত, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নে একটি শতবর্ষী দুর্গামন্দিরে প্রতিমা ভাঙচুরের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে রাতের আঁধারে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়, মির্জাপুরের জামুর্কীর এই ঐতিহ্যবাহী মন্দিরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুর্গা প্রতিমাসহ অন্যান্য প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের পথে ছিল। গত বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতের কোনো একসময়ে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে প্রতিমাগুলোর বিভিন্ন অংশ ভাঙচুর করে পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা মণ্ডপে এসে প্রতিমা ভাঙচুরের দৃশ্য দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে থানায় খবর দেন।
ঘটনার সংবাদ পেয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এবং মির্জাপুর থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় পুলিশ দ্রুত চিরুনি অভিযান চালিয়ে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অন্যদিকে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে—উপজেলার সকল পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিমা ভাঙচুরের এই ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে আইনি প্রক্রিয়া ও তদন্ত জোরদার করা হয়েছে।#