
মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন বলেছেন, “বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছিল, তখন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি করছে। দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।”
তিনি স্পষ্ট জানিয়ে দেন, “বাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না। দেশের শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে রয়েছেন এবং ভবিষ্যতেও শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে রাজপথে থাকবেন।”
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ও পৌরসভাসহ সকল ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সোনালী ব্যাংক সংলগ্ন খোদেজা কমপ্লেক্স প্রাঙ্গণে এসে সমাবেশ করে।
পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন আরমান মাস্টারের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইব্রাহিম প্রধানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন এমপি।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
মো. হুমায়ুন কবির মাষ্টার — আহ্বায়ক, উপজেলা বিএনপি
খালেকুজ্জামান বাবলু — সদস্য সচিব, উপজেলা বিএনপি
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সোলেমান আলম, মো. খায়রুল আহসান মিন্টু এবং কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান।
বিক্ষোভ মিছিলে নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি রহিম সরকার, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. শওকত আলী, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. জয়নাল আবেদীন, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সিরাজ উদ্দিন, জাঙ্গালীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার আহমেদ নুহু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা এবং সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হিমেল খানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দৃঢ় আহ্বান জানান।#