
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের লক্ষ্যে বিনোদপুর বাজার এলাকা পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) দুপুরে তিনি বিনোদপুর বাজার এলাকার মার্কেটসমূহ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বিনোদপুরের সিটি মার্কেটে বাজার সমিতি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।
মতবিনিময় সভায় রাসিক প্রশাসক বলেন, “নগরীর ফুটপাত পথচারীদের নির্বিঘ্নে চলাচলের জন্য উন্মুক্ত রাখা প্রয়োজন। একই সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা নির্বাহের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ব্যবসায়ীদের উপযুক্ত পুনর্বাসনের মাধ্যমে একটি সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশন কাজ করছে।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেই স্বপ্ন বাস্তবায়নে এবং নগরবাসীর স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এ ক্ষেত্রে ব্যবসায়ী সংগঠনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।”

সভায় ব্যবসায়ীরা ফুটপাত মুক্তকরণ ও পুনর্বাসন প্রক্রিয়ায় রাসিক প্রশাসককে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় বক্তব্য প্রদান করেন:
মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল আমিন বাবু, বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আহসান হাবীব, সাধারণ সম্পাদক বরজাহান আলী, সাবেক সভাপতি শাহজাহান আলী, বিশিষ্ট ব্যবসায়ী রব্বান আলী ও সাইদুর রহমান।
অন্যান্য উপস্থিতিবৃন্দ:
রাসিকের পক্ষে তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদর রহমান ইমন প্রমুখ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, বাজার সমিতির সদস্যবৃন্দ এবং ফুটপাতের ব্যবসায়ীরা সভায় উপস্থিত ছিলেন।#