
বিশেষ প্রতিনিধি, ঢাকা :
বাংলাদেশের সার্বিক উন্নয়নে জাতিসংঘের ভূমিকাকে প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি আশা প্রকাশ করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের চলমান কর্মকাণ্ড ও বিভিন্ন সংস্কার কর্মসূচিতে জাতিসংঘকে আরও ঘনিষ্ঠভাবে পাশে পাওয়া যাবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিফেন রদ্রিগেজ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের সার্বিক উন্নয়ন ভাবনা, নতুন সরকারের অগ্রাধিকারমূলক কর্মকাণ্ড এবং দেশের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা হয়।
বৈঠকে প্রধান আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল:
জনআকাঙ্ক্ষা পূরণ: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার কীভাবে আরও বৃহত্তর পরিসরে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে পারে।
অংশীজনদের ভূমিকা: জাতীয় ও আন্তর্জাতিক সকল অংশীজনের (Stakeholders) সঙ্গে আলোচনা ও সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করা।
জুলাই অভ্যুত্থানের সংস্কার: ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সংস্কার কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা।
বৈঠকালে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রদ্রিগেজ জানান, বাংলাদেশের নতুন সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জাতিসংঘ আরও কার্যকর ও জোরালো ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
এর জবাবে জহির উদ্দিন স্বপন উন্নয়ন অংশীদার হিসেবে জাতিসংঘের দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।#