
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় থানা পুলিশের একটি বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম শুকনো গাঁজাসহ পারুল বেগম (৪১) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (০২ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ৭:০০ ঘটিকায় পোরশা থানাধীন ৩নং ছাওড় ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর (হাড়ভাঙ্গা) গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত পারুল বেগম ওই এলাকার মোঃ নজরুল ইসলামের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় জনসাধারণের গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশ বাহিনীর একটি দল দক্ষিণ লক্ষীপুর গ্রামে পারুল বেগমের বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে নিজ বাড়িতে মাদক বিক্রির সময় পারুল বেগমকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
পরবর্তীতে আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতবাড়ির আঙিনায় গরুর ঘাসের নিচে তল্লাশি চালিয়ে একটি কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ২৫০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭,৫০০ টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, “গ্রেপ্তারকৃত আসামি পারুল বেগম একজন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ইতিপূর্বেও ৩টি মাদক মামলা রয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে পোরশা থানায় নতুন একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”#