
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১২ লিটার ৫০০ মিলিলিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অরুণ চন্দ্র বর্মন (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পত্নীতলা থানা পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার পার্টি আমলাই পাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে অরুণ চন্দ্র বর্মনকে তাঁর নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়। তিনি ওই গ্রামের তারাপদ বর্মনের ছেলে। পরে তাঁর শয়নকক্ষে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তার ভেতর রাখা ৫০টি প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ২৫০ মিলিলিটার করে মোট ১২ লিটার ৫০০ মিলিলিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পত্নীতলা থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।#