
মেহেরুল ইসলাম মোহন, লালপুর (নাটোর): নাটোরের লালপুর থানা পুলিশের পৃথক অভিযানে ৪৫ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন, ১২ ফুট লম্বা একটি গাঁজার গাছ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় ৪ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করে নাটোর আদালতে প্রেরণ করেছে পুলিশ।
লালপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ আগস্ট ২০২৬ (শনিবার) মধ্যরাতে গোপালপুর পৌরসভার বিরোপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ১৫ পিস ইয়াবা, ১টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল এবং ৩টি মোবাইল ফোনসহ মাহফুজ মন্ডল (২৬) ও সোহাগ মন্ডল (২৫) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। ধৃত আসামিদের বিরুদ্ধে লালপুর ও পুঠিয়া থানায় পূর্বের একাধিক চুরি ও ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে।
একই রাতে ওয়ালিয়া মধ্যপাড়ায় অভিযান চালিয়ে সোহরাব আলী (৫৫) নামের এক আসামির নির্মাণাধীন বাড়ি থেকে ১২ ফুট লম্বা একটি গাঁজার গাছ উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে সকালে মহরকয়া গ্রামে লাম সরকার (৩০) নামের এক আসামির বসতবাড়িতে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। পুলিশ জানায়, আসামি লাম সরকারের বিরুদ্ধে লালপুর ও লোহাগাড়া থানায় বিভিন্ন অপরাধ ও মাদক সংক্রান্ত অন্তত ৫টি মামলা বিচারাধীন রয়েছে।#