
মোঃ কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি (নরসিংদী): নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন পরিষদ মাঠে ২০২৫–২০২৬ অর্থবছরের ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের শুভ উদ্বোধন এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) দুপুরে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) মোঃ সফি উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ সফি উল্লাহ বলেন, “ডেঙ্গু বর্তমানে মারাত্মক আকার ধারণ করেছে। আমরা যদি নিজ নিজ বাসা-বাড়ি, অফিস ও আশপাশের আঙ্গিনায় পানি জমতে না দিই এবং ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলি, তবেই ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া সম্ভব।”
সভাপতির বক্তব্যে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন বলেন, “বর্তমানে সারা দেশেই ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। নরসিংদী ও শিবপুর অঞ্চলেও ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক। পুটিয়া ইউনিয়নটি জেলা শহরের কাছাকাছি হওয়ায় এখানে আক্রান্তের ঝুঁকি বেশি। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন মসজিদের ইমাম, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ যদি নিজ নিজ জায়গা থেকে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করেন, তবে খুব সহজেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হবে।”
সংবাদ সম্মেলনে পুটিয়া ইউনিয়ন পরিষদের সচিব আলতাফ হোসেন জানান, ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইতিমধ্যে ১০ হাজার ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে এবং আরও ১০ হাজার লিফলেট ছাপানো হচ্ছে। এসব লিফলেট ইউনিয়নের সকল মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজ, হাট-বাজার ও গণপরিসরে বিতরণ করা হচ্ছে।

উক্ত সচেতনতামূলক সভা ও উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
মোঃ এনামুর রহমান ভূঁইয়া (উপ-সহকারী কর্মকর্তা, পুটিয়া ভূমি অফিস)
ইউপি সদস্যবৃন্দ: ফাতেমা আক্তার, মালেকা বেগম, মোঃ হান্নান মিয়া, মাহবুব মিয়া, রুবেল মিয়া, এরশাদ মিয়া, আবুল বাশার খান, মোঃ রুমান পাঠান, মোঃ রতন মিয়া
প্রশাসনিক কর্মী: আব্দুর রহিম (হিসাব সহকারী), মোঃ সালাউদ্দিন সরকার (উদ্যোক্তা) প্রমুখ।
আলোচনা সভা শেষে বৃক্ষরোপণ, নতুন উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।#