
নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১
নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও স্লোগান দেওয়ার অভিযোগে থানায় এজাহার দায়ের করা হয়েছে। রাজশাহী মহানগরীর রাজপাড়া এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবারের এ আকস্মিক কর্মসূচিকে কেন্দ্র করে মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সতর্ক অবস্থান লক্ষ করা গেছে।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজপাড়া থানাধীন সিপাইপাড়া ঘোষপাড়া মোড় থেকে লক্ষ্মীপুরগামী পাকা রাস্তা এবং ঘোষপাড়া মোড় এলাকায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সামনে ব্যানারসহ আকস্মিক ঝটিকা মিছিল বের করেন নেতাকর্মীরা। সকালের দিকে রাস্তায় তুলনামূলকভাবে যানবাহন ও মানুষের চলাচল কম থাকার সুযোগ নিয়ে তারা অত্যন্ত দ্রুততার সাথে এই কর্মসূচি পালন করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রগুলো জানায়, মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ছবি সংবলিত ব্যানার প্রদর্শন এবং বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয়। মিছিলকারীরা ব্যানার হাতে নিয়ে ঘোষপাড়া মোড় থেকে লক্ষ্মীপুরের দিকে অল্প কিছুদূর অগ্রসর হন। পরিচয় গোপন রাখার উদ্দেশ্যে অংশগ্রহণকারীদের কেউ কেউ মুখে মাস্ক বা কাপড় দিয়ে মুখ ঢেকে মিছিলে অংশ নেন। এছাড়া কর্মসূচি চলাকালে কয়েকজন অংশগ্রহণকারী নিজেদের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পুরো বিষয়টি সরাসরি সম্প্রচার (লাইভ) করেন বলে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের সূত্রে উঠে এসেছে। মিছিলটি মাত্র কয়েক মিনিট স্থায়ী ছিল এবং জনসমাগম বাড়ার আগেই অংশগ্রহণকারীরা বিভিন্ন অলিগলি দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।
এ ঘটনায় তারেক হোসেন (৪০) নামে এক ব্যক্তি বাদী হয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানায় সশরীরে উপস্থিত হয়ে একটি কম্পিউটার টাইপকৃত এজাহার দায়ের করেন। এজাহারে ৩৭ জনের নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে নাম উল্লেখকৃত আসামিদের মধ্যে রয়েছেন— মো. ওলিউল ইসলাম ওরফে শুভ (৩৯), মোছা. পাপিয়া আক্তার লাকি ওরফে মিথিলা (২৬), জান্নাতুল ফেরদৌস প্রিয়া (৩০), মনির (২২), মো. আলমগীর (৪৮), মো. রমজান আলী জনি (৪০), শেখ শিহাব উদ্দিন ওরফে অনিক (৩০), মো. রিমন (২৮), মো. ইদ্রিস আলী (৪৫), মো. মহিউদ্দিন সিফাত (৩৫), মো. মহিদুল ইসলাম (৪৮), মো. ফিরোজ কবির মুক্তা (৪৫), মো. নাবিল হাসান (২৫), পূর্ণিমা মৈত্র দেবী (৫১), স্বপন (২৯), মো. ফয়সাল হোসেন জীবন (৪৫), মো. সাগর (২৪), মো. হারুন (৪৭), মো. সাব্বির শেখ ওরফে জাহাঙ্গীর (৩৪), মো. মমিনুল ইসলাম বাপ্পি (৩০), মো. শাওন শেখ (৩২), মো. আবু সিয়াম (৩০), মো. রেজুয়ান (৩৩), মো. কানন (৩৪), মোছা. নাহিদ আক্তার নাহান (৪২), মো. রজব আলী (৪৮), মো. ইনসান (৪৫), মো. ইমন (৩৩), মো. মুজাদ (৫০), মো. দুলাল (৩৫), মো. নাজমুল (৩৮), মো. সুরুজ (৩৭), মো. মিজান (৩৬), মো. রুমন (৩৩), মো. এসারুল (৩৮), মো. জহিদুল ইসলাম (৩৫) ও ডলার (৪৮)। এজাহারে অভিযোগ করা হয়, আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে সমবেত হয়ে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছিলেন।
পুলিশ ও গণমাধ্যম সূত্রে আরও জানা গেছে, ঝটিকা মিছিলের খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে দ্রুত সরে যান। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া লাইভ ভিডিও এবং স্থানীয় তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের শনাক্ত করার কাজ শুরু করে।
এরই ধারাবাহিকতায় ওই দিন দুপুরে নগরীর লক্ষ্মীপুর প্যারামেডিকেল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রাজপাড়া থানা পুলিশ। অভিযানে এজাহারনামীয় আসামি ছাত্রলীগ নেতা শেখ শিহাব উদ্দিন ওরফে অনিক (৩০)-কে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপপুলিশ কমিশনার (সদর) ও মুখপাত্র মো. গাজিউর রহমান জানান, গত ১৫ নভেম্বর রাজপাড়া থানায় বিস্ফোরক দ্রব্য আইনের ৩, ৪ ও ৬ ধারায় দায়ের করা একটি মামলায় নাশকতামূলক কর্মকাণ্ডে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগে শেখ শিহাব উদ্দিন ওরফে অনিককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এজাহারভুক্ত ও ভিডিও ফুটেজে শনাক্ত হওয়া অন্য আসামিদের গ্রেপ্তারে নগরীর বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, মহানগরীর প্রাণকেন্দ্রে এমন ঝটিকা মিছিলের ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হয়েছে। আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরও এ ঘটনায় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা সাংবাদিকদের জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, নগরীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ বদ্ধপরিকর এবং আইন অমান্য করে কেউ কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলেও তিনি উল্লেখ করেন।
অন্যদিকে, সকালে ঝটিকা মিছিলের খবর ছড়িয়ে পড়ার পরপরই নগরীর রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা দেখা দেয়। ঘটনার পর নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট, লক্ষ্মীপুর মোড়, ঘোষপাড়া মোড়, রেলগেট এবং তালাইমারীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থান নেয় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। তারা নগরীর প্রধান সড়কগুলোতে অবস্থান নিয়ে যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা ঠেকাতে মাঠে থাকার ঘোষণা দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালের আকস্মিক মিছিল এবং পরবর্তীতে বিভিন্ন মোড়ে রাজনৈতিক নেতাকর্মী ও পুলিশের তৎপরতার কারণে এলাকায় কিছুটা কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়েছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল ও নজরদারির কারণে নগরীর সার্বিক যান চলাচল এবং দৈনন্দিন স্বাভাবিক জীবনযাত্রায় বড় কোনো বিঘ্ন ঘটেনি। রাজপাড়া থানা পুলিশ জানিয়েছে, নতুন দায়েরকৃত এজাহারটি নথিভুক্ত করে তদন্ত কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে এবং জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।#
জিয়াউল কবীর, বিশেষ প্রতিনিধি প্রেরিত-