
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে এক ব্যবসায়ীকে পথরোধ করে টাকা ছিনতাই চেষ্টার ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের সোমবার (১২ অক্টোবর) নওগাঁ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— উপজেলার বিপ্রোবোয়ালিয়া গ্রামের গণেশ চন্দ্রের ছেলে সুশান্ত কুমার (২৫) এবং একই গ্রামের রেজাউল ইসলামের ছেলে রুহুল আমিন (২১)।
মামলার তদন্ত কর্মকর্তা আত্রাই থানার এসআই রেজাউল করিম জানান, বিপ্রোবোয়ালিয়া গ্রামের বাসিন্দা আব্দুর রকিব প্রামাণিক (৪৫) স্থানীয় বাজারে মুদি ও ফ্লেক্সিলোডের ব্যবসা পরিচালনা করেন। গত ২৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে পবনডাঙ্গা এলাকায় পৌঁছালে একদল ছিনতাইকারী তাঁর পথরোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পর আব্দুর রকিব প্রামাণিক বাদী হয়ে রবিবার আত্রাই থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর দিনই স্থানীয়দের সহযোগিতায় ঘটনায় জড়িত সুশান্ত কুমারকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়। পরবর্তীতে রবিবার রাতে আত্রাই থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিজ এলাকা থেকেই রুহুল আমিনকে গ্রেফতার করে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার দুই আসামিকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। এই ছিনতাই চেষ্টার ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।#