
মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী: রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদক জব্দ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর পৃথক দুটি অভিযানে ১০২ বোতল ভারতীয় কিং মদ ও ৩০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ ইউসুফপুর ও মাজারদিয়া বিওপির আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী পৃথক স্থানে এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ-এর দিকনির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হন বিজিবির সদস্যরা।
জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১০২ বোতল ভারতীয় কিং মদ এবং ৩০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট। উদ্ধার করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট দায়িত্বপূর্ণ থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এদিকে, এসব মাদকদ্রব্য চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধ এবং দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।#