
আব্দুল্লাহ আল মামুন:
“আমার উপজেলা আমার দায়িত্ব, শিশুর জীবন হোক শিশুশ্রম ও বিদ্যালয় হতে ঝড়েপড়া মুক্ত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দেবহাটা এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলনের সহযোগিতায় পারুলিয়া ফুটবল মাঠ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানা যায়, বিভিন্ন সমন্বিত উদ্যোগের মাধ্যমে উপজেলার ৮৭ জন শিশুকে শিশুশ্রম থেকে ফিরিয়ে পুনরায় শিক্ষার আওতায় আনা হয়েছে।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহার সভাপতিত্বে এবং সিডিও জোসনা বালা ও আসাদুজ্জামান রিপনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
পুলিশ ও স্থানীয় প্রশাসন: দেবহাটা থানার প্রতিনিধি বিপ্লব কুমার মালাকার, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।
সহযোগী সংস্থাসমূহ: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এরিয়া ম্যানেজার মিল্টন সিং ও স্পন্সরশিপ কর্মকর্তা পল্টন বিশ্বাস, সুশীলনের ডেপুটি ডিরেক্টর (প্রোগ্রাম) জিএম মনিরুজ্জামান ও এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন, ডিআরআরএ-এর প্রতিনিধি জিএম আনজির হোসেন, সাসের উপজেলা ম্যানেজার আলমগীর হোসেন, এবং ব্রেকিং দ্য সাইলেন্সের উপজেলা কোঅর্ডিনেটর সোহেল মাহমুদ।
উপজেলা কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ: উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুসফিহাতুন নাহার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খাইরুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
জনপ্রতিনিধি: পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ মন্ডলসহ বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য ও স্থানীয় শিক্ষকমণ্ডলী।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম বলেন, “শিশুশ্রম মুক্ত টেকসই সমাজ গঠনে সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা জানান, স্থানীয় সরকার ও প্রশাসনের বাস্তবায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সুশীলনের যৌথ সহায়তায় দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডে শিশুশ্রম প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। অভিভাবক সচেতনতা বৃদ্ধি, উঠান বৈঠক, সভা, কর্মশালা, ক্যাম্পেইন, পট গান ও নাটক প্রদর্শনের মাধ্যমে ব্যাপক সামাজিক সচেতনতা সৃষ্টি করা হয়েছে, যার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে।#