
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে একটি আম বাগান থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাকারমাথা ফেস্কিপাড়া এলাকার একটি আম বাগানে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে বদরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ২৮ বছর। তাঁর পরনে কালো রঙের প্যান্ট ও আকাশি রঙের ফতুয়া ছিল। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দা মিনাজুল ইসলাম জানান, “পাকেরমাতা রেল ব্রিজের পাশে ফেস্কিপাড়া এলাকার একটি আম বাগানে লাশটি পড়ে থাকতে দেখে এক যুবক। তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা এসে বিষয়টি পুলিশকে জানায়।”

পুলিশ জানায়, মরদেহটি পচে মুখ বিকৃত হয়ে যাওয়ায় চেনা যাচ্ছে না। অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ক্রাইম সিন টিম ঘটনাস্থলে এসে পরিচয় শনাক্তের আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, “নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশের পাশাপাশি সিআইডি চেষ্টা চালাচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”#