
ঠাকুরগাঁও প্রতিনিধি: বিশ্ব শিশু অধিকার দিবস, শিশু অধিকার সপ্তাহ ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উপলক্ষে ঠাকুরগাঁওয়ে শিশুদের বর্ণাঢ্য চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির যৌথ উদ্যোগে বুধবার (৭ অক্টোবর) শহরের বিডি হলে দিনব্যাপী এসব প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টায় বিডি হলে শিশুদের ৪টি বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়। এর মধ্যে ৩টি বিভাগ সাধারণ শিক্ষার্থীদের জন্য এবং একটি বিভাগ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য উন্মুক্ত রাখা হয়েছিল। পরবর্তীতে বেলা ১২টায় শিশুদের বয়স ও শ্রেণী বিবেচনা করে তাদের মেধা, অনুশীলন ও সাধারণ জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা।
এবারের প্রতিযোগিতায় ২০০ জনেরও বেশি সাধারণ শিশু শিক্ষার্থী এবং বেশ কয়েকজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অংশগ্রহণ করে। উৎসবমুখর পরিবেশে চিত্রাঙ্কন ও কুইজে অংশ নিয়ে আনন্দে মেতে ওঠে শিশুরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জুলেখা আক্তার, জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান রাকিব হোসেন, ঠাকুরগাঁও জেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ শিশু একাডেমির কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা।
এ বিষয়ে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জুলেখা আক্তার বলেন, “শিশুদের মেধা ও মনন বিকাশে প্রতি বছরের মতো এবারও এসব উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি বা সুবর্ণজয়ন্তী উদযাপনের বিষয়টি শিশুদের মাঝে বাড়তি আনন্দ জুগিয়েছে। আশা করছি সপ্তাহব্যাপী বাকি কর্মসূচিগুলোও আমরা সফলভাবে সম্পন্ন করতে পারব।”
উল্লেখ্য, শিশু অধিকার সপ্তাহ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও শিশু একাডেমি যৌথভাবে সপ্তাহব্যাপী চিত্রাঙ্কন, কুইজ, খেলাধুলা, আলোচনা সভা, সচেতনতামূলক প্রচার এবং পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করেছে। এর আগে সোমবার রাজধানী ঢাকা থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।#