1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
. টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সর্বশেষ:
. টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা শিবগঞ্জ, সম্মাননা পেলেন ইউএনও মাজহারুল ইসলাম নওগাঁয় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে যাত্রাপালা ‘জেল থেকে বলছি’ প্রদর্শিত আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযান: গাঁজা ও টাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ রাজশাহীর বাঘায় শাহদৌলা সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ  টাঙ্গাইলের ধনবাড়ীতে পুলিশের অভিযান: ১৫ হা: ৬শ’ টাকার ইয়াবাসহ আটক ৩ খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করলেন ঢাকা থেকে আগত চিত্রশিল্পী তন্ময় রায় টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান: ১২০০ পিস ইয়াবাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড নরসিংদীর শিবপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

. টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান

  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার কশালগাঁও গ্রামের পাহানপাড়া বাগানবাড়ি এলাকার বাসিন্দা আদিবাসী যুবকের নাম পলাশ পাহান। দীর্ঘদিন ধরে তিনি মারাত্মক শারীরিক জটিলতায় ভুগছেন। তবে অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পেরে নিজ বাড়িতেই চরম কষ্টে দিন কাটাচ্ছেন তিনি। দিন দিন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গভীর দুশ্চিন্তায় পড়েছে তার পরিবার।

দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে পলাশ পাহানের শরীরের বিভিন্ন অংশ অস্বাভাবিকভাবে ফুলে গেছে। বিশেষ করে তার দুই পা ও শরীরের বিভিন্ন স্থানে অতিরিক্ত ফোলা এবং ঘা দেখা দিয়েছে। অসুস্থতার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা ও দৈনন্দিন কাজকর্ম করাও তার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

পলাশ পাহান শিবলাল পাহানের ছেলে। একসময় তিনি পরিবারের অন্যতম প্রধান উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার উপার্জনের ওপর ভিত্তি করেই কোনোভাবে চলত পরিবারের সংসার। কিন্তু দীর্ঘদিন অসুস্থ হয়ে কর্মক্ষমতা হারিয়ে ফেলায় বর্তমানে পরিবারটির আয়-রোজগারের পথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

পলাশের পরিবারের আর্থিক অবস্থাও অত্যন্ত নাজুক। জরাজীর্ণ একটি টিনের ঘরে পরিবারের চার সদস্য কোনোমতে বসবাস করছেন। যেখানে নিত্যদিনের খাবার জোগাড় করাই কঠিন, সেখানে চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা তাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, পলাশের ছোট ভাইও দীর্ঘদিন ধরে মানসিক জটিলতায় ভুগছেন। অন্যদিকে বাবা শিবলাল পাহান বার্ধক্য ও অসুস্থতার কারণে নিয়মিত কাজ করতে পারেন না। মায়ের শারীরিক অবস্থাও ভালো নয়। ফলে পরিবারের পুরো দায়িত্বটি এতদিন পলাশের কাঁধে থাকলেও তিনি অসুস্থ হয়ে পড়ায় পরিবারটি এখন চরম অনিশ্চয়তা ও দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে।

আকুল আকুতি জানিয়ে অসুস্থ পলাশ পাহান বলেন, “আমি বাঁচতে চাই। কিন্তু টাকার অভাবে আমার চিকিৎসা বন্ধ রয়েছে। শরীর ও হাত-পা ফুলে গিয়ে খুব কষ্ট হচ্ছে। আপনাদের সবার কাছে অনুরোধ, আমাকে আর্থিক সহযোগিতা করুন, যেন চিকিৎসা করিয়ে সুস্থ হতে পারি।”

পলাশের বাবা শিবলাল পাহান কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে দীর্ঘদিন ধরে অসুস্থ। টাকার অভাবে তার চিকিৎসা করাতে পারছি না। আমাদের নিজস্ব কোনো ভিটা-মাটিও নেই। এক ছেলে মানসিক ভারসাম্যহীন, আমিও বয়সের কারণে কাজ করতে পারি না। ছেলের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষদের কাছে আকুল আবেদন জানাচ্ছি।”

স্থানীয় ইউপি সদস্য ভয়েল কুমার রিপন বলেন, “পলাশ আমার ওয়ার্ডের বাসিন্দা। দীর্ঘদিন ধরে অর্থের অভাবে তার চিকিৎসা বন্ধ রয়েছে। তার বাড়িতে গিয়ে নিজ চোখে পরিবারের মানবেতর অবস্থা দেখেছি। বিষয়টি অত্যন্ত মানবিক। আমাদের স্থানীয় একটি সংগঠনের পক্ষ থেকে ইতোমধ্যে আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। খুব দ্রুতই পরিবারের হাতে সহযোগিতা তুলে দেওয়ার চেষ্টা করছি। একই সঙ্গে পলাশের চিকিৎসার জন্য সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই।”

জাতীয় আদিবাসী পরিষদের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি যাকোব খালকো বলেন, “পলাশ পাহানের অসুস্থতার বিষয়টি আমরা শুনেছি। অর্থের অভাবে তার চিকিৎসা বন্ধ রয়েছে এবং পরিবারটি কষ্টে দিন কাটাচ্ছে। জানার পর জাতীয় আদিবাসী পরিষদের পক্ষ থেকে বিভিন্ন ব্যক্তি ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, যাতে তার দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা যায়।”

তিনি আরও বলেন, “আমাদের আদিবাসী সম্প্রদায়ের অনেক পরিবারই নানা সংকটের মধ্যে মানবেতর জীবনযাপন করছে। পলাশ পাহানের চিকিৎসার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। অসুস্থ পলাশের পাশে দাঁড়াতে বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিসহ সর্বস্তরের মানুষের কাছে মানবিক সহায়তার আবেদন জানাচ্ছি।”

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পলাশকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নেওয়া প্রয়োজন। তাই জনপ্রতিনিধি, সামাজিক ও মানবিক সংগঠন এবং সমাজের হৃদয়বান মানুষের কাছে আর্থিক সহায়তার আকুল আবেদন জানিয়েছে তার অসহায় পরিবার।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট