
পোরশা (নওগাঁ) প্রতিনিধি ঢাকা থেকে: বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ড. কাজী মনিরুজ্জামান মনির।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মির্জা এন এইচ রুবেল। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মোঃ মাসুদ রানা।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতা ইফতি আহমেদ শাহীন।
আলোচনা সভায় বক্তারা সংগঠনটির অতীত ভূমিকা তুলে ধরেন এবং জাতীয়তাবাদী আদর্শে বলীয়ান হয়ে আগামী দিনের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং দলের সর্বস্তরের নেতাকর্মীদের জন্য বিশেষ দোয়া ও মুনজাত পরিচালনা করা হয়।#