
মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সরকারি ছুটির দিনেও দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে মাঠে ছিলেন রহনপুর পৌর প্রশাসক ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান। নাগরিকসেবা নিশ্চিত করা এবং পৌর এলাকার উন্নয়নকাজের গতি ধরে রাখতে শনিবার (২৯ আগস্ট) রহনপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে চলমান উন্নয়নমূলক কাজ সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে রাস্তা ও ড্রেনের পরিষ্কার-পরিচ্ছন্নতা, পানি নিষ্কাশন ব্যবস্থা, নাগরিকদের চলাচলের সুবিধা এবং চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যবেক্ষণ করেন ইউএনও জিল্লুর রহমান।
এ সময় তিনি উন্নয়নকাজের মান ও স্বচ্ছতা বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি পৌর এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং নাগরিকসেবা আরও কার্যকর ও জনবান্ধব করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সরকারি ছুটির দিনেও মাঠপর্যায়ে থেকে উন্নয়নকাজের খোঁজখবর নেওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা দেখা গেছে। স্থানীয়দের মতে, নাগরিকসেবা ও উন্নয়নকাজের প্রতি এমন সরাসরি নজরদারি প্রশাসনের দায়িত্বশীলতা এবং জনবান্ধব মনোভাবেরই প্রতিফলন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আইইউজিআইপি প্রকল্পের সহকারী প্রকৌশলী শাহরিয়ার, উপ-সহকারী প্রকৌশলী জুবায়ের আহমেদ, রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) আবু সায়েম, কনজারভেন্সি ইন্সপেক্টর আনিসুর রহমান (টেক্কা) সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।#