
স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদরে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের সর্বস্ব লুটে নেওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মোঃ আমিনুল ইসলাম লিটন (৩৫) নামে এক প্রতারক প্রায় ১০ জনের কাছ থেকে কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়ে এখন আত্মগোপনে রয়েছে।
ভুক্তভোগী মোঃ হাবিবুর রহমান (৭২) থানায় লিখিত অভিযোগে জানান, অভিযুক্ত লিটন দীর্ঘদিন বিদেশে থাকার সুযোগ কাজে লাগিয়ে গ্রীস ও সাইপ্রাসে লোক পাঠানোর মিথ্যা আশ্বাস দেয়। তার ফাঁদে পড়ে হাবিবুর রহমানের পরিবারের সদস্যসহ অন্তত ১০ জন ব্যক্তি জনপ্রতি প্রায় ১৫ লাখ টাকা করে দেয়, যা মোট অঙ্কে দাঁড়ায় কয়েক কোটি টাকা। অভিযোগে আরও বলা হয়, গত ২৩ মার্চ দেশে ফিরে লিটন ভুক্তভোগীদের হাতে কিছু ভিসা তুলে দেয়। কিন্তু পরে অনলাইনে যাচাই করে দেখা যায়, এসব ভিসা সম্পূর্ণ জাল—কম্পিউটারের মাধ্যমে তৈরি করা ভুয়া কাগজ ছাড়া কিছুই নয়।
ভুক্তভোগীরা বিদেশ যাওয়ার টিকিট ও অন্যান্য বৈধ কাগজপত্র চাইলে প্রতারক লিটন তা দিতে ব্যর্থ হয়। একপর্যায়ে সে মোবাইল ফোন বন্ধ করে পালিয়ে যায় এবং বর্তমানে আত্মগোপনে রয়েছে।
এ ঘটনায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা জানান, তারা জমি-জমা বিক্রি, গরু-বাছুর বিক্রি করে এবং ধার-দেনা করে এই বিপুল টাকা জোগাড় করেছিলেন। এখন তারা নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত টাকা ফেরত না পেলে তাদের পথে বসা ছাড়া কোনো উপায় থাকবে না।
স্থানীয়দের অভিযোগ, এ ধরনের প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় থাকলেও প্রশাসনের নজরদারির অভাবে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে। তারা অবিলম্বে প্রতারককে গ্রেপ্তার এবং ভুক্তভোগীদের টাকা উদ্ধার করার জোর দাবি জানিয়েছেন। এ বিষয়ে ভুক্তভোগী হাবিবুর রহমান প্রশাসনের প্রতি কঠোর হস্তক্ষেপ কামনা করে বলেন, “আমরা সব হারিয়ে এখন অসহায়। দ্রুত ব্যবস্থা না নিলে আমাদের বাঁচার আর কোনো পথ থাকবে না।#