
শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় রেললাইনের ওপর থেকে জয়নাল আবেদীন (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ১২টার পর যেকোনো সময় উপজেলার ১৬ দাগ মুন্সিপাড়া এলাকার রেললাইনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত জয়নাল আবেদীন পঞ্চগড় জেলার বোদা থানার দাঙ্গাপাড়া এলাকার মো. নয়া মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, তিনি গাজীপুরের একটি অফিস থেকে বুধবার সন্ধ্যা ৭টার দিকে পঞ্চগড়ের উদ্দেশে রওনা হয়েছিলেন।
খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মোকলেছুর রহমান এবং পোড়াদহ রেলওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।
এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, “রাত ১২টার পরে যেকোনো সময় ট্রেনে কেটে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পোড়াদহ রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”