1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুষ্টিয়ায় দুর্গোৎসবের আগেই মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব শিবগঞ্জে পিতাকে ‘মানসিক রোগী’ সাজিয়ে সম্পত্তি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে; পাল্টা দাবি ছেলের কুষ্টিয়ায় দুর্গোৎসবের আগেই মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও শোভাযাত্রা কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ

কুষ্টিয়ায় দুর্গোৎসবের আগেই মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নির্মিত প্রতিমা ভাঙচুরের এক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ২টার পর কুমারখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খয়েরচারা মাতৃমন্দিরে এ ভাঙচুর চালানো হয়। এতে গণেশ, লক্ষ্মী ও দেবী দুর্গার বাহন সিংহের প্রতিমার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কে বা কারা এ ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ ও মন্দির কর্তৃপক্ষ।

স্থানীয় বাসিন্দা ও সনাতন ধর্মাবলম্বীদের সূত্রে জানা যায়, খয়েরচারা মাতৃমন্দিরে শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য প্রতিমা তৈরির কাজ পুরোদমে চলছিল। শুক্রবার রাতে প্রতিমা তৈরির কাজ শেষ করেন মৃৎশিল্পী অধীর বিশ্বাস। কাজ শেষ হতে হতে রাত আনুমানিক ২টা বেজে যায়। ওই সময় কারিগরের সঙ্গে আরও চারজন মন্দিরে উপস্থিত ছিলেন। কাজ সম্পন্ন হওয়ার পর প্রতিমাগুলো কাপড়ে ঢেকে রেখে তাঁরা নিজ নিজ বাড়িতে ফিরে যান। এরপর শনিবার সকালে স্থানীয়রা মন্দিরে এসে প্রতিমাগুলোর একাধিক অংশ ভাঙা অবস্থায় দেখতে পান।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক কৌশিক বিশ্বাস জানান, “রাত ২টা পর্যন্ত আমরা সবাই মন্দিরেই ছিলাম। কারিগর অধীর বিশ্বাস প্রতিমা তৈরির কাজ শেষ করার পর তা ঢেকে রেখে আমরা বাড়ি ফিরি। সকালে জানতে পারি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখি প্রতিমাগুলোর বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত। আমাদের ধারণা, রাত ২টার পরেই সুযোগ বুঝে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।”

দুর্গাপূজার ঠিক আগ মুহূর্তে এমন ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে কৌশিক বিশ্বাস আরও বলেন, “সামনে দুর্গাপূজা, এই সময়ে এমন ঘটনায় এলাকার হিন্দু সম্প্রদায় অত্যন্ত আতঙ্কের মধ্যে রয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে আমরা নিশ্চিত নই। তবে দীর্ঘদিন ধরে আমরা এই এলাকায় একধরনের চাপের মুখে রয়েছি।” তিনি অবিলম্বে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার এবং এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

এ বিষয়ে কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ সারোয়ার বলেন, “রাত ২টা পর্যন্ত মন্দিরে লোকজন উপস্থিত ছিলেন। এর পর কোনো এক সময়ে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে। এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” একই সঙ্গে পূজার সার্বিক আমেজ বজায় রাখতে এবং ঘটনার পুনরাবৃত্তি রোধে মন্দির এলাকায় নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য, দুর্গাপূজার ঠিক আগ মুহূর্তে কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুরের এই ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে তীব্র ক্ষোভ, আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট