
মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন— নাগরী ইউনিয়নের তিরিয়া গ্রামের শ্যামল রোজারিও (৫৭) এবং রূপগঞ্জের খাস পুটিনা গ্রামের আফসার উদ্দিনের স্ত্রী রোকেয়া বেগম (৪৫)।
নিহতদের পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার (১২ অক্টোবর) সকালে নাগরী ইউনিয়নের তিরিয়া গ্রামের বাসিন্দা শ্যামল রোজারিও অটোরিকশাযোগে কালীগঞ্জ বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনে পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক পিছন থেকে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে শ্যামল গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সকাল পৌনে ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, সকালে স্বামীর জন্য নাস্তা নিয়ে যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন রোকেয়া বেগম। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ড. মোঃ ইমরান খান জানান, “সড়ক দুর্ঘটনায় আহত শ্যামলকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করা হয়। অন্যদিকে রোকেয়া বেগমকে হাসপাতালে আনার পর উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছিল। তবে রেফার্ড করার কিছুক্ষণ পরেই তিনি মারা যান।#