
মোঃ রাসাদুদ জামান, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: শরতের শুভ্র কাশফুল আর নীল আকাশের হাত ধরে প্রকৃতিতে এসেছে উৎসবের আমেজ। এরই মধ্যে ঘনিয়ে এসেছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবকে ঘিরে নওগাঁর আত্রাইয়ে চলছে ব্যাপক প্রস্তুতি। চলতি বছর উপজেলার বিভিন্ন স্থানে মোট ৫৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। দিন-রাত পরিশ্রম করে প্রতিমায় দিচ্ছেন শেষ মুহূর্তের রং ও সাজসজ্জার কাজ। পাশাপাশি পূজামণ্ডপের সাজসজ্জা, আলোকসজ্জা ও অন্যান্য প্রস্তুতিও সমানতালে এগিয়ে চলছে। আয়োজকরা জানান, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অন্যদিকে শিল্পীদের ব্যস্ততায় মুখর হয়ে উঠেছে প্রতিমা তৈরির কারখানাগুলো।
উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখা গেছে, প্রতিমাশিল্পীরা কাদামাটি, বাঁশ, খড়, সুতলি ও রঙতুলি দিয়ে হাতের শৈল্পিক ছোঁয়ায় তিলতিল করে তৈরি করছেন দেবীদুর্গার অবয়ব। রাত-দিন এক করে দেবী দুর্গার পাশাপাশি নিপুণ হাতে গড়ে তুলছেন কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী আর অসুরের প্রতিমা। প্রতিমা তৈরির মূল কাজ প্রায় শেষ পর্যায়ে; স্থানীয় শিল্পী ছাড়াও বিভিন্ন স্থান থেকে আগত কারিগররা রং-তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন তাদের নৈপুণ্য। প্রতিমার পাশাপাশি বাদ্যযন্ত্র প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন ঢাক-ঢোল, কাঁশি ও বাঁশির কারিগররা।
দুর্গাপূজা নিয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা জানান, “দুর্গাপূজা আমাদের সবচেয়ে বড় উৎসব। এই উৎসবকে ঘিরে আমরা আনন্দ, প্রার্থনা ও পারিবারিক মিলনমেলায় অংশ নিই। মা দুর্গার কাছে সবার সুখ, শান্তি ও মঙ্গল কামনা করি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করাই আমাদের প্রত্যাশা।”
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামান বলেন, “প্রতিটি মণ্ডপে যাতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নিরাপত্তার সাথে পূজা উদযাপিত হতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় তদারকি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।#