
নিজস্ব প্রতিবেদক ,আব্দুল বাতেন: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় প্লাস্টিকের তৈরি দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ করেছে প্রশাসন। শুক্রবার দুপুরে জেলার কানসাটের পুখুরিয়া ও ছত্রাজিতপুর বাজারসহ একাধিক জনসমাগমপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আজিজ।
তিনি জানান, নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় তিন মিটারের বেশি উচ্চতা, দৈর্ঘ্য ও প্রস্থের কোনো প্রতীক বা প্রচার সামগ্রী স্থাপন করা নিষিদ্ধ। এসব বিধি অমান্য করে স্থাপিত প্রতীকগুলো অপসারণ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, সব প্রার্থী ও তাঁদের সমর্থকদের নির্বাচন কমিশনের আচরণবিধি কঠোরভাবে অনুসরণের জন্য সতর্ক করা হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সীমার বাইরে থাকা সব ধরনের প্রচার উপকরণ দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা প্রশাসনকে সহযোগিতা করেন।#