
মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী: রাজশাহীতে হেরোইনসহ গ্রেপ্তার হয়েছেন দুইজন। জেলার চারঘাটে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ গ্রাম হেরোইনসহ তাদের আটক করা হয়। শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে চারঘাট মডেল থানাধীন হলিদাগাছি খেলার মাঠের সামনে বানেশ্বর-চারঘাটগামী মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার চক জামিরা গ্রামের মৃত বাবুর ছেলে মো. লালন মিয়া (৩০) এবং একই গ্রামের মৃত মনছের আলীর ছেলে মো. মোফাজ্জল হোসেন (৩৬)।
রাজশাহী জেলা পুলিশের তথ্য অনুযায়ী, জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশের এসআই (নিরস্ত্র) মো. মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। শনিবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে চারঘাটের শিশাতলা বাজার ও আশপাশের এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, হলিদাগাছি খেলার মাঠের সামনে মহাসড়কের পাশে দুই ব্যক্তি হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
এমন সংবাদের ভিত্তিতে রাত ১১টার দিকে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশের দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। পরে গ্রেপ্তারকৃত লালন মিয়ার দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান কোচা থেকে একটি সাদা স্বচ্ছ পলিথিনে মোড়ানো বাদামি রঙের গুঁড়া পদার্থ উদ্ধার করা হয়। পরীক্ষা ও প্রাথমিক শনাক্তকরণে সেটি ৫০ গ্রাম হেরোইন বলে জানা যায়।
এদিকে, অভিযানের সময় তাদের অপর এক সহযোগী মো. তরিকুল ইসলাম ওরফে তরিক (৩৫), পিতা ও অন্যান্য পরিচয় অজ্ঞাত, সাং-মাছমারা তিরিনদা, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত লালন মিয়ার বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি ও পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী চারঘাট মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।#