
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর রাজশাহী আগমন উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক এবং রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদসহ মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
রাজশাহী সফরের দিনব্যাপী কর্মসূচি দলীয় সূত্রে জানা গেছে, রাজশাহী সফরকালে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) অডিটোরিয়ামে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
এ ছাড়া বিকেল ৩টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের উদ্যোগে আয়োজিত অপর একটি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে।
‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা ও জাতীয় জীবনে ৭ নভেম্বরের তাৎপর্য’। সভায় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেবেন।
এদিকে, রুহুল কবির রিজভীর এই রাজশাহী সফরকে কেন্দ্র করে মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রস্তুতি লক্ষ্য করা গেছে।#
মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী প্রেরিত-